ইউনূস সেন্টারে সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
দেশে সামাজিক ব্যবসার ধারণা বিকাশের লক্ষ্যে নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে ইউনূস সেন্টারে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে ‘সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব’। এ ধরনের অষ্টম সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব গত শনিবার সম্পন্ন হয়। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়িক নেতৃবৃন্দসহ প্রায় ২৫০ জন আগ্রহী ব্যক্তি এবারের ডিজাইন ল্যাবে অংশগ্রহণ করেন। এদের মধ্যে কাজী ফার্ম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব কাজী জাহিদুল হাসান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডঃ শফিক আহমেদ সিদ্দিকী , সাজেদা ফাউন্ডেশন-এর বোর্ড সদস্য ডঃ মুহাম্মদ আব্দুস সবুর প্রমুখ উল্লেখযোগ্য। এতে সভাপতিত্ব করেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। ডিজাইন ল্যাবটি ইন্টারনেটের মাধ্যমে সরাসরি প্রচার করা হয়। পরবর্তী ডিজাইন ল্যাব অনুষ্ঠিত হবে আগামী ১৬ নভেম্বর। ইউনুস সেন্টার জানায়, ডিজাইন ল্যাবের পুরো অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা হয়। পূর্ববর্তী সোশ্যাল বিজনেস প্রকল্পগুলোর অগ্রগতি অবহিত করা, নতুন প্রকল্প উপস্থাপন এবং উপস্থাপিত প্রকল্পগুলোর উপর দলীয় আলোচনা। এই ডিজাইন ল্যাবে ছয়টি নতুন প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিলঃ সোশ্যাল বিজনেস হাসপাতাল স্থাপন, যা উপস্থাপন করেন সাজেদা ফাউন্ডেশনের পরিচালক ড সবুর, সোশ্যাল বিজনেস ফর বায়োম্যাস পাওয়ার সলিউশন প্রকল্প যা চালের ভূষিকে জ্বালানিতে রূপান্তরিত করবে, এটি উপস্থাপন করেন এসডিটেক্স প্রমোটার লিমিটেড-এর পরিচালক ইঞ্জিনিয়ার সরকার অর্ধেন্দু (রিপন) এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সোশ্যাল বিজনেস প্রজেক্ট, যা উপস্থাপন করেন খুলনাভিত্তিক রাস্টিক-এর নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ। এই প্রকল্পের লক্ষ্য হলো বস্তির এবং গ্রামাঞ্চলের সলিড বর্জ্যকে সার-এ রূপান্তর করা।