বঙ্গভবনের পাশে নিমতলী এলাকায় শেষ প্রিকাস্ট সেগমেন্টটি সংযোজনের মাধ্যমে গুলিস্তান-যাত্রাবাড়ি মূল ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ফ্লাইওভারটি এখন উদ্বোধনের অপেক্ষায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেশের বৃহত্তম এই ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য প্রস্তুতি চলছিল। কিন্তু প্রধানমন্ত্রী জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্য ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী সেখান থেকে ৩০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা। এরপর প্রধানমন্ত্রী অক্টোবরের প্রথম সপ্তাহে সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে নির্মিত এই ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
৬টি প্রবেশপথ ও ৭টি প্রস্থান পথসহ ১৩টি র্যাম্প যুক্ত এবং ৪ লেন বিশিষ্ট এই ফ্লাইওভারের মোট দৈর্ঘ্য প্রায় ১১ কিলোমিটার। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভারতের খ্যাতি সম্পন্ন নির্মাণ প্রতিষ্ঠান সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ফ্লাইওভারটি নির্মাণ করেছে। এর ডিজাইন কনসালটেন্ট হিসেবে কাজ করেছে কানাডা ভিত্তিক কোম্পানি লি এসোসিয়েটস এবং তাদের অঙ্গ প্রতিষ্ঠান লাসা ইন্ডিয়া।
ফ্লাইওভারটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম ইত্তেফাককে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছা ও সহযোগিতায় এই ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। ফ্লাইওভারটি রাজধানী ঢাকার সড়ক যোগাযোগে এক নতুন দিগন্তের সূচনা করবে।
