অস্ত্রচুক্তিকে স্বাগত জানালো সিরিয়া

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৯
রাসায়নিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চুক্তিকে স্বাগত জানিয়েছে সিরিয়া। যুদ্ধ এড়াতে এ পদক্ষেপকে ‘বিজয়’ বলে প্রশংসা করেছেন সিরিয়ার এক মন্ত্রী। বিবিসি জানায়, রুশ-মার্কিন সমঝোতা চুক্তি অনুযায়ী, সিরিয়াকে এক সপ্তাহের মধ্যে তাদের রাসায়নিক অস্ত্রভান্ডারের পূর্ণ বিবরণ দিতে হবে। এরপর ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সে সমস্ত অস্ত্র ধ্বংস করা নয়তো সেদেশ থেকে অন্য কোথাও সরিয়ে ফেলতে হবে। জেনেভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের তিনদিনের আলোচনার পর শনিবার এ অস্ত্রচুক্তি ঘোষণা করা হয়। এরপর গতকাল রবিবার চুক্তিটির ব্যাপারে প্রথম প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তিতে সিরিয়ার সম্প্রীতি বিষয়ক মন্ত্রী আলি হায়দার বলেছেন, ‘আমরা এ চুক্তিকে স্বাগত জানাই।’ তিনি বলেন, ‘একদিকে এ চুক্তি সিরিয়াকে সঙ্কট থেকে বেরিয়ে আসতে সহায়ক হয়েছে, আবার অন্যদিকে, এর মধ্য দিয়ে সিরিয়ার ওপর হামলা চালাতে ইচ্ছুকদের যাত্রা ভঙ্গ করে যুদ্ধ এড়ানো গেছে। সিরিয়ার জন্য এ এক বিজয়। এর জন্য রাশিয়ান বন্ধুদেরকে ধন্যবাদ।’ এদিকে, সিরিয়া চুক্তি অনুযায়ী কাজ করতে ব্যর্থ হলে শেষ অস্ত্র হিসাবে জাতিসংঘ প্রস্তাবনার মাধ্যমে শক্তি প্রয়োগ করে চুক্তি কার্যকর করা হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রুশ-মার্কিন চুক্তিতে চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, জাতিসংঘ এবং ন্যাটো সন্তোষ প্রকাশ করেছে। অপরদিকে, সিরিয়া এ অস্ত্রচুক্তির পরপরই আবার নতুন করে বিদ্রোহী এলাকাগুলোতে জঙ্গি বিমান ও গোলা হামলা শুরু করেছে। বিদ্রোহীদের দাবি :সিরিয়ার বিভিন্ন শহর এলাকায় আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহার বন্ধের পাশাপাশি বিমান শক্তি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহবান জানিয়েছে দেশটির সরকার বিদ্রোহীরা। গতকাল এক বিবৃতিতে তারা জানায়, শহর এলাকায় আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহার বন্ধের পাশাপাশি ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র ও বিমান শক্তি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানাচ্ছে সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল।