শেষ পরমাণু চুল্লিটি বন্ধ করলো জাপান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৯
জাপানের শেষ পারমানবিক চুল্লিটিও বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে চুল্লির কার্যক্রম ফের কবে শুরু হবে সে ব্যাপারে কিছু জানায়নি দেশটি। খবর বিবিসির। পশ্চিমাঞ্চলীয় ওহি এলাকার ৪ নং পরমাণু চুল্লিতে সোমবার থেকেই বন্ধ হচ্ছে বিদ্যুত্ উত্পাদন। ফলে অন্তত ডিসেম্বর নাগাদ জাপান পারমাণবিক বিদ্যুত্হীন থাকছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ১৯৬০ সালের পর এই প্রথম এতো দীর্ঘ সময় জাপানে কোনো পারমানবিক বিদ্যুত্ উত্পন্ন হবে না। ২০১১ সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পারমাণবিক বিদ্যুেকন্দ্রে দুর্ঘটনায় ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় দূষণকে কেন্দ্র করে জনমত পরমাণু শক্তির বিপক্ষে চলে যায়। সুনামিতে ফুকুশিমা কেন্দ্র ক্ষতিগ্রস্থ হওয়ার আগে জাপানের বিদ্যুত্শক্তির প্রায় ৩০ শতাংশই সরবরাহ হত এখান থেকে। কিন্তু দুর্ঘটনার পর থেকে মেরামতি কার্যক্রম কিংবা নিরাপত্তাজনিত কারণে কেন্দ্রটি বন্ধ রাখা হয়। গত বছর মে এবং জুনে জাপান একবার সব পারমাণবিক চুল্লি বন্ধ করে দিয়ে পরমাণুশক্তি মুক্ত হলেও পরে ফুকুশিমা কেন্দ্র পরিচালনা কোম্পানি টেপকোকে ওহি এলাকার চুল্লিটি পুনরায় চালুর অনুমতি দেয়া হয়েছিল। বিশ্লেষকরা জানিয়েছেন, ফুকুশিমা পরমাণু প্রকল্পের ছিদ্র মেরামত করে ওই প্রকল্প ফের চালু করতে সরকারের ছয়মাস লেগে যেতে পারে।