আজ আন্তর্জাতিক ওজোন দিবস

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫০
আজ সোমবার আন্তর্জাতিক ওজোন দিবস। এবারের আন্তর্জাতিক ওজোন দিবসের প্রতিপাদ্য: ‘সুন্দর ভবিষ্যতের জন্য চাই সুস্থ বায়ুমণ্ডল’। পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগে স্ট্রাটোস্ফিয়ারে থাকা ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মিকে ভূ-পৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়। কিন্তু মানুষের সৃষ্ট কিছু ক্ষতিকর দ্রব্য যেমন সিএফসি, হ্যালন, কার্বন টেট্রাফ্লোরাইড, মিথাইল ব্রোমাইড ইত্যাদি ক্রমাগতভাবে ওজোন স্তর ক্ষয় করছে। ওজোন স্তরের ক্ষয় রোধে জনসচেতনতা সৃষ্টি এবং ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্যের বিকল্প জনপ্রিয় করে তোলার লক্ষ্যে প্রতিবছর ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয়। আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে ওজোন স্তর রক্ষায় মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরের উল্লেখ করে বলেন, বাংলাদেশ সরকার মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, বিশ্ববাসীকে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার ও প্রযুক্তি গ্রহণ সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে আন্তর্জাতিক ওজোন দিবস উদযাপনের গুরুত্ব সমধিক। আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে আজ বিকাল ৩টায় আগারগাঁয়ে অবস্থিত বন ভবনে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।