সেনাবাহিনীর কাছ থেকে সবার ধর্মনিরপেক্ষতা শেখা উচিত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০০
আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পর গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বললেন ধর্মনিরপেক্ষতার পক্ষে। গতকাল রবিবার হরিয়ানার রেওয়ারিতে সাবেক সেনা সদস্যদের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, জাতীয়তাবাদই হলো প্রকৃত ধর্মনিরপেক্ষতা। তিনি বলেন, সেনাবাহিনীর কাছ থেকে আমাদের ধর্মনিরপেক্ষতা শেখা উচিত। অনুষ্ঠানে কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, ভারতে ভোটব্যাংকের রাজনীতি জঘন্য আকার ধারণ করেছে। ভোটব্যাংকের নোংরা রাজনীতি জাতিকে বিভক্ত করছে বলে তিনি উল্লেখ করেন। ভাষণ দেয়ার সময় তিনি বার বার সেনাবাহিনীর উদ্দেশে ‘স্যালুট’ ছুড়ে দেন। উপমার পর উপমা ব্যবহার করেন। আবেগ প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, গত শুক্রবার আমাকে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নির্বাচন করা হয়। সেদিন দলের পার্লামেন্টারি বোর্ডের সভা ছিল। সেই সভায় বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন। তাদের সাথে যে সময় কাটিয়েছিলাম তা ছিল স্মরণীয়। কিন্তু আমার বলতে বাধা নেই যে আজ সেনা সদস্যদের মধ্যে এসে তার চেয়েও বেশি ভালো লাগছে আমার। মোদী কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে বলেন, সীমান্তে আমাদের তেমন সমস্যা নেই যতটা সমস্যা আছে দিল্লীতে (কংগ্রেস নেতৃত্বাধীন সরকার সৃষ্ট সমস্যা)। তাই ভবিষ্যতে এই সমস্যা টেনে নিয়ে বেড়াবেন কিনা তা জনগণকে ঠিক করতে হবে। এই অনুষ্ঠানে প্রায় দেড় লাখ লোক উপস্থিত হয়েছিলেন। মোদী একটানা ৬৫ মিনিট বক্তব্য রাখেন। তার পেছনে শোভা পাচ্ছিল ভারতের লোকসভা এবং মোদীর বিশাল আকারের ছবি।