রাজশাহী মহানগরীর ব্যবসায়ী আমিনুল হকের চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে আদালত। এছাড়া আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনারের বিচারক শামসুল আলম খানের আদালতে এই রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের কেন্দ ীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামিরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা প্লাস্টিক ব্যবসায়ী সারোয়ার হোসেন ও তার কর্মচারী আবদুল হাকিম।
গত ৯ সেপ্টেম্বর বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলম খান রায়ের দিন ধার্য করেন। এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সারোয়ার এবং হাকিমের বিরুদ্ধে স্থানীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়। একই বছরের ২২ জানুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় সারোয়ার হোসেনের স্ত্রী নার্গিস পারভীনকে আসামি করে গ্রেফতার ও রিমান্ডে নেয়া হলেও অভিযোগপত্রে তাকে অব্যাহতি দেয়া হয়।
অপহরণের তিনদিন পর ২০১১ সালের ১৩ এপ্রিল নগরীর আলুপট্টি এলাকায় সারোয়ারের ভাড়া বাড়ি থেকে পুলিশ আমিনুলের ৯ টুকরো বস্তাবন্দি লাশ উদ্ধার করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিশেষ পিপি এন্তাজুল হক বাবু, অ্যাডভোকেট সুশান্ত সরকার ও মুন্না সাহা। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হামিদুল হক।
