ভারতের পেট্রাপোল বন্দরে সার্ভার সমস্যার কারণে গতকাল রবিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো অফিসার জানান, পেট্রাপোল বন্দরে সার্ভার সমস্যার জন্য দুই দেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে।
পেট্রাপোল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ জানান, ভারত থেকে রপ্তানি কার্যক্রম ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। সকাল থেকে বন্দরের কাস্টমস হাউজে সার্ভারের কার্যক্রম অচল হয়ে পড়ায় পেট্রাপোল দিয়ে বেনাপোল বন্দরে রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, আমদানি বাণিজ্য বন্ধ থাকার কারণে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় পেট্রাপোল বন্দর এলাকায় কয়েক’শ পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। যার অধিকাংশই শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে।
বেনাপোল বন্দরে
লোড-আনলোড বন্ধ
বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন বন্দর শেড থেকে চুরিতে বাধা দেয়ায় সাধারণ শ্রমিকদের একাংশ গতকাল সকাল থেকে বন্দরে লোড-আনলোড প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে।
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদ আলী জানান, বন্দর থেকে চুরি বন্ধের কর্মসূচিতে গত বৃহস্পতিবার শ্রমিকদের সমন্বয়ে বন্দর অভ্যন্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় কোন শ্রমিক আমদানিকৃত পণ্য চুরির সাথে জড়িত থাকলে তার কার্ড বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বৈঠকের তিনদিন পর গতকাল দুইজন শ্রমিক চুরি করতে গিয়ে ধরা পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকে বন্দরে লোড-আনলোড প্রক্রিয়া বন্ধ করে দেয়।
