কাউখালীতে ডায়রিয়ায় এক নারীর মৃত্যু, আক্রান্ত দেড় শতাধিক

আপডেট : ১৭ মে ২০১৯, ১৯:২০

পিরোজপুরের কাউখালী হাসপাতালে শুক্রবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত এক রোগী মারা গেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। এছাড়া গত পনের দিনে কাউখালীতে সরকারি হিসেবে দেড় শতাধিক মানুষ এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে আক্রান্তদের মধ্যে শিশুই বেশি। প্রচণ্ড গরম ও খাদ্যে বিষক্রিয়ায় ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। এরমধ্যে হাসপাতালে তীব্র স্যালাইন সংকট দেখা দিয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া-আক্রান্ত রোগী সুবিদপুর গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী কুরছিয়া বেগম (৬০) ভর্তি হয়। শুক্রবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায়  মারা যান। রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছেন কুরছিয়া বেগম।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ছিদ্দিকুর রহমান বলেন, কুরছিয়া বেগম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হলেও তিনি নিউমোনিয়ায় মারা গেছেন।

হাসপাতালে কলেরা স্যালাইনের তীব্র সংকট রয়েছে। মে মাসের ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত  হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয় ১৪৫ জন। গত ৪৮ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৬ জন। এ ছাড়া গত মাসে পার্শ্ববর্তী হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে শতাধিক ডায়রিয়া রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়।

আরও পড়ুন: কলকাতায় জয়ার নতুন যাত্রা

স্যালাইন সংকটের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.ছিদ্দিকুর রহমান বলেন, প্রচণ্ড গরম ও খাদ্যে বিষক্রিয়ার কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

ইত্তেফাক/নূহু