দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৫ জন মারা গেছেন এবং ৬ জনের লাশ উদ্ধার হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
দিনাজপুর
সদর উপজেলার রানীপুর গ্রামে গত রবিবার সকালে সেলিম হোসেনের স্ত্রী মাহফুজা বেগম (২৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কোতয়ালী পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মিরসরাই (চট্টগ্রাম)
উপজেলার মধ্যম সোনাপাহাড় গ্রামে শাহজাহান প্রকাশ ভুট্টুর স্ত্রী খালেদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, পারিবারিক কলহের জেরে ভাসুর মহিউদ্দিনের লাঠির আঘাতে সে আহত হন। গুরুতর আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মহিউদ্দিনের স্ত্রী ফাতেমাকে গ্রেফতার করা হয়েছে। মহিউদ্দিন পলাতক।
এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে গত রবিবার বিকালে সাপের কামড়ে আফরিন আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জেসমীন আক্তার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসে ঐ দিন পুকুর ঘাটে গেলে আফরিনকে সাপে দংশন করে। গুরুতর অবস্থায় মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইল সদরের সাহাপাড়ায় গত রবিবার রনি ঘোষের স্ত্রী মন্টি ঘোষ (২১) নামে এক গৃহবধূ নির্মমভাবে খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চলতি বছর জয়দেবপুর থানার ইটাহাটা মজলিশপুর গ্রামের চিনিবাসি ঘোষের মেয়ে মন্টি ঘোষের সঙ্গে টাঙ্গাইল সদর থানার রনি ঘোষের বিয়ে হয়। বিয়েতে রনি মোটা অংকের যৌতুক নেয়। বিভিন্ন সময়ে মাদকাসক্ত রনি যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করতো বলে মন্টির পরিবার জানায়। মন্টিকে খুন করে লাশ বাসায় ফেলে রনি ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় মামলা হয়েছে। এদিকে উপজেলার গুনটিয়া গ্রামে গতকাল সোমবার অভাবের তাড়নায় ফালু মিয়া (৫৫) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
পীরগঞ্জের চিলাছাপায় গত রবিবার দুপুরে মিনিবাসের ছাদ থেকে পড়ে আতাউর রহমান (৩৮) নামে এক পোনা মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জানা যায়, বাসের ছাদের ওপর বসে পীরগঞ্জ যাওয়ার পথে রাস্তার ওপর ঝুলন্ত বাঁশের আঘাতে ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সাঘাটা উপজেলার কাতিয়ারপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। পীরগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্ল¬াপাড়ায় গতকাল সোমবার সকালে বোয়ালিয়া আদর্শ গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানা যায়, স্বামীর সাথে অভিমান করে সে বিষপান করে আত্মহত্যা করে।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
উপজেলার শিকারপুরে ক্ষেতে পানিতে ভাসমান অবস্থায় গত রবিবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। উদ্ধারকৃত লাশের গালে পাকা দাড়ি ছিল। এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি মামলা হয়েছে।
তারাগঞ্জ (রংপুর)
উপজেলার দীঘলটারী গ্রামে গত রবিবার রিয়া (৬) নামের এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল মর্গে পাঠিয়েছে। নিহত শিশুর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মামলা সূত্রে জানা যায়, রিয়ার পিতা রবিউলের সাথে শিউলি নামে এক মহিলার পরকীয়ার জেরে রবিউল ও শিউলির ভাই মিলে রিয়াকে হত্যা করেছে। এ ব্যাপারে রিয়ার মামা বাদী হয়ে গতকাল সোমবার সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ)
আড়াইহাজার উপজেলার মারুয়াদী দক্ষিণপাড়ায় গতকাল সোমবার সকালে ইব্রাহিম (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ইব্রাহিম মাদক সেবনের টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করে। সে সিএনজি চালক চাঁন মিয়ার ছেলে। সকালে খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কুলাউড়া (মৌলভীবাজার)
মৌলভীবাজারের জুড়ী তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ফিরোজা আক্তার (১৭) তিনদিন আগে নিখোঁজ হয়। গত রবিবার উপজেলার কণ্ঠিনালা নদীর রাবার বাঁধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
