ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজুমদারকে র্যাব পরিচয়ে অপহরণের পর হত্যার ঘটনায় র্যাব গতকাল সোমবার ভোরে ঝিনাইদহের আনন্দনগরের বাড়ি থেকে তার দ্বিতীয় স্ত্রী আয়শা সিদ্দিকা ঝরাকে গ্রেফতার করেছে।
র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান জানান, এর আগে এ ঘটনায় গত ৬ আগস্ট তার শাশুড়ি লিপি আক্তার ও আলী মহব্বত, ফজলুর রহমান, মিজানুর রহমান মন্টু নামে আরো তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের কাছে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ হত্যার সঙ্গে রফিকের দ্বিতীয় স্ত্রীর নাম এসেছে। পরে বিষয়টি যাচাই-বাছাই করে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি কুষ্টিয়ার কুমারখালীর মনোহরপুর গ্রামের খালের পাশ থেকে রফিকুল ইসলাম মজুমদারের হাতে পুলিশের হ্যান্ডকাফ পরা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। ঐ সময় পরিবার থেকে অভিযোগ করা হয়, র্যাব পরিচয়ে একদল ব্যক্তি রফিককে শ্বশুর বাড়ি থেকে উঠিয়ে নিয়ে হত্যার পর লাশ ফেলে দেয়।
