সেলিমের ওপর হামলায় নাসিমের তীব্র নিন্দা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৮
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দিতে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। এক প্রতিক্রিয়ায় গতকাল সোমবার তিনি এসব কথা বলেন। এছাড়া উচ্ছৃঙ্খল নেতা-কর্মীদের বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন নাসিম। উল্লেখ্য, সিলেট নগরীর কোর্ট পয়েন্টে গত রবিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার ঘটনায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ অন্তত ৬ জন আহত হন। এ ঘটনায় ছাত্রলীগের ৬৮ নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা হয়েছে।