বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাসদের যৌথ সমাবেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল সোমবার সিলেটে আধাবেলা হরতাল পালিত হয়েছে। হরতালে যানবাহন চলাচল ছিল বন্ধ।
সিপিবি ও বাসদের নেতাকর্মীরা গতকাল হরতালের সমর্থনে নগরীতে খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ করেছেন। এক সমাবেশে নেতৃবৃন্দ গত রবিবারের সমাবেশে হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হামলাকারীদের গ্রেফতার না করে সরকার তাদের পাহারা দিয়ে রাখছে। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হরতাল চলাকালে নগরীর কোর্ট পয়েন্টে সিপিবির সিলেট জেলা সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ নেতা হুমায়ূন রশীদ সোয়েব, সুশান্ত সিনহা্ সুমন, জয়দীপ ভট্টাচার্য প্রমুখ।
এদিকে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে সিলেট জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি হিরন মাহমুদ নিপুকে প্রধান আসামি করে ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছে।
