ভালবাসার কোনো বস্তু কেউ পেলে স্বাভাবিকভাবেই খুশি হওয়ার কথা। কিন্তু ভালাবাসার কোনো জিনিস হারিয়ে যাওয়ার পর যদি কেউ খুঁজে পায় তাহলে আনন্দটা অবশ্যই বেশিই হবে। যুক্তরাষ্ট্রের এক নাগরিক তার চল্লিশ বছর আগের হারিয়ে যাওয়া একটি আংটি পেয়েছেন! তাও আবার নদী থেকে!
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা বাসিন্দা ব্রায়ান টভিন নামের এক ডুবুরি জানিয়েছেন, তিনি নদীর চল্লিশ ফুট গভীরে একটি আংটি খুঁজে পেয়েছেন। এর মালিক রবার্ট লেভন ফিলিপসকে ফেরতও দিয়েছেন। ওই আংটিতে নামের আদ্যক্ষর ‘আরএলপি’ লেখা ছিল। এটি দেখে টভিন পাশের একটি কলেজে যোগাযোগ করেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, চল্লিশ বছর আগে এই নামের এক শিক্ষার্থী পড়তো। পরে তার সঙ্গে যোগাযোগ করে আংটিটি ফেরত দেন টভিন। ফিলিপস জানিয়েছেন, আংটি বানানোর পর নৌকায় চড়তে গিয়ে নদীতে পড়ে যায়। কিন্তু এত বছর পর আবারো ফিরে পাবো তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। - সিএনএন
