আমার প্রিয় স্কুল

গলেহাহাট ফাজিল মাদ্রাসা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ১৯:১৮
আমার প্রিয় প্রতিষ্ঠান গলেহাহাট ফাজিল মাদ্রাসা। ১৯৬৫ সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। পঞ্চগড় সদর উপজেলা থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্ব দিকে ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম গলেহাপাড়ায় অবস্থিত। এই প্রতিষ্ঠানে প্রায় ২৫০ ছাত্র ছাত্রী রয়েছে। ৫ টি কাঁচা-পাঁকা ঘরে এবতেদায়ী প্রথম শ্রেণি থেকে ফাজিল (ডিগ্রী) পর্যন্ত ক্লাস হয়। প্রতিষ্ঠানে প্রতি বছর নিয়মিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, শিক্ষা সফর হয়ে থাকে। মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি স্কাউটদল রয়েছে। আমাদের স্কাউট দলটি ড্রাম-বিগড্রাম বাজিয়ে স্কাউটিং কার্যক্রম পরিচালনা করে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি বছর নাটক করে। আমি নিজেও নাটকে অভিনয় করি। পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারে নির্বাহী পরিচালক ও সাংবাদিক রহিম আব্দুর রহিম এই মাদ্রাসার বাংলা প্রভাষক। যিনি প্রতি বছর আমাদের মাদ্রাসা মাঠে ‘‘বিদ্রোহী শিশু কিশোর ফুটবল টুর্ণামেন্টের’’ আয়োজন করে থাকেন। এই বছরও তাঁরই আয়োজনে টুর্ণামেন্ট চলছে। আমরা প্রতি বছর আন্তার্জাতিক মাতৃভাষা দিবসে রচনা প্রতিযোগিতায় অংশ নেই। ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আমরা অনুষ্ঠান করে থাকি। ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, এমপি, শিক্ষা অফিসার সহ খ্যাতিমান ব্যক্তিরা এই প্রতিষ্ঠানের অতিথি হয়ে এসেছেন। আমাদের মাদ্রাসায় পঞ্চগড় ১ আসনের এমপি জনাব মোঃ মজাহারুল হক প্রধান এর প্রচেষ্টায় ৬৪ লক্ষ টাকার বিল্ডিং হতে যাচ্ছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ইয়াসিন আলী প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। মাদ্রাসার সকল শিক্ষকরা অত্যন্ত দরদ দিয়ে আমাদের ক্লাস নেন। মাদ্রাসার সামনের মাঠে আমরা ফুটবল খেলি। আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে তৈরী করে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রদর্শন করি। আমরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া বিনোদনে শতষ্ফুত অংশ নেই। গত- ২০১২ সালে এই প্রতিষ্ঠানের ছাত্র জাহাঙ্গীর , মনির এবং আবিদুল, বাংলা প্রভাষক স্যারের সাথে আন্তর্জাতিক নাট্য উত্সবে অংশ নিয়েছিল। গ্রামের এই ধর্মীয় প্রতিষ্ঠানটি আমার খুবই প্রিয়।