ভাগ্য যে কখন কার জন্য কী বয়ে আনে সেটা আগে থেকে অনুমান করা সত্যিই মুশকিল। আর তাই বাস স্টপে দাঁড়িয়ে স্রেফ খেয়ালের বশে করা তিন মিনিটের একটা নাচই যে কাউকে জায়গা করে দিতে পারে পেশাদার নাটকের মঞ্চে এটা বোধ করি বিশ্বাস হচ্ছিল না খোদ ঘটনার কেন্দ্রে থাকা এলি কোলেরও। মূলত পেশায় একটি অফিসের সেক্রেটারি কোল সেদিন বেশ অনেকটা সময় ধরেই বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের ইস্টলেইয়ের একটি বাস স্টপে। দাঁড়িয়ে থাকতে থাকতে হয়তো খানিকটা একঘেয়েমিও লাগছিল তার। আর এভাবেই হঠাত্ করে কী মনে করে যেন জনশূন্য বাসস্টপে দাঁড়িয়ে আপন মনেই নাচতে শুরু করেন ৩৫ বছর বয়সী এলি। এই নাচ মানে খুব নিয়ম মেনে করা কোনো কিছু নয়। বরং অজানা কোনো ছন্দে এমনিতেই পায়ের পাতা, হাত আর কোমরের দুলুনিতে নাচের ভঙ্গিমা করছিলেন এলি কোল। তার পাশ দিয়ে একের পর এক বেরিয়ে যাচ্ছিল প্রধান সড়ক ধরে ছুটে যাওয়া গাড়িগুলোও। আর এভাবেই কাঙ্ক্ষিত বাসটি আসার আগ পর্যন্ত নাচের ভঙ্গি করতে থাকেন এলি। যদিও এ সময় তিনি সম্ভবত ঘুণাক্ষরেও ধারণা করতে পারেননি যে তার খুব কাছে থাকা ভিডিও ক্যামেরাতেই কেউ একজন ধারণ করছে পুরো দৃশ্যটি। তবে পাগলামিই হোক কিংবা শখের বশে করাই হোক, এলির এই নাচের দৃশ্য কিন্তু খুব দ্রুতই ছড়িয়ে পড়ে অনলাইন দুনিয়ায়। কয়েক ঘণ্টার মধ্যে সেটি দেখতে ইউটিউবে ঢুঁ মারেন লাখ দশেক দর্শকও। আর এলি কোলের মজার এই ভিডিওটি দেখতে প্রথম দিনেই যারা অনলাইনে হাজির হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ইস্টলেই’র দ্য পয়েন্ট থিয়েটারে চলতে থাকা ‘এএইচ মেন’ নাটকের নাট্যকারও। ‘ইস্টলেই গট ট্যালেন্ট’ নামে আপলোড করা এই ভিডিওটিতে সংযোজন করা অ্যাবার একটি গানের সাথে এলি কোলের নাচ নাট্যকার ভদ্রলোকের এতটাই ভালো লাগে যে এলিকে খুঁজে বের করার দায়িত্বটাও তিনি নেন। আর এভাবেই সেক্রেটারির দায়িত্ব থেকে নাটকের একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব জুটে যায় এলির ভাগ্যে।
