যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নৌবাহিনীর জাহাজ নির্মাণ ও মেরামত কারখানায় হামলাকারী শনাক্ত হয়েছে। অ্যারন অ্যালেক্সিস (৩৪) নামে ঐ হামলাকারী যুক্তরাষ্ট্রের নৌবাহিনীরই সাবেক পেটি অফিসার ও রিজার্ভ সেনা। গত সোমবার অ্যারনের গুলিতে ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী নিজেও নিহত হন।
ওয়াশিংটনে ঐ হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র জুড়ে শোক বিরাজ করছে। প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘটনাকে ‘আরেকটি গণগুলিবর্ষণ’ এবং ‘কাপুরুষোচিত কাজ’ বলে মন্তব্য করেছেন। তিনি মঙ্গলবার হোয়াইট হাউজ ও ক্যাপিটাল হিলসহ দেশটির সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখতে আদেশ দিয়েছেন।
এদিকে, এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য খুঁজে বের করতে উঠেপড়ে লাগলেও এখন পর্যন্ত কোনো কিছু খুঁজে পায়নি পুলিশ ও এফবিআই। জানা গেছে, অসদাচরণের দায়ে ২০১১ সালে অ্যারনেকে নৌবাহিনীর রিজার্ভ সেনার পদ থেকে বরখাস্ত করা হয়।
