ওষুধ শিল্পের উন্নয়নে প্রযুক্তি সহায়তা দেবে রাশিয়া

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
বাংলাদেশের ওষুধ শিল্পের আধুনিকায়নের লক্ষ্যে গবেষণা ও উন্নয়ন খাতে সহায়তা প্রদানের পাশাপাশি ভেকসিন উত্পাদনে প্রযুক্তি হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া ফেডারেশন। এর পাশাপাশি বাংলাদেশ থেকে দেশটি সিরামিক, ফুটওয়্যার ও পাটজাত পণ্য আমদানি করবে। বাংলাদেশ সফররত রাশিয়ার শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী জুরি স্লায়োসার-এর নেতৃত্বে ১৮ সদস্যের এক বাণিজ্য প্রতিনিধিদল শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাথে বৈঠককালে এ আগ্রহের কথা জানান। গতকাল শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ. নিকোলায়েভসহ প্রতিনিধিদলের অন্য সদস্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। এসময় বাংলাদেশের রেল যোগাযোগ, সমুদ্র বন্দর উন্নয়ন, বিদ্যুত্ উত্পাদন, হালকা প্রকৌশল, তথ্য প্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প, জাহাজ নির্মাণ ও জাহাজ ভাঙ্গা শিল্পের আধুনিকায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার বিষয় বিশেষভাবে স্থান পায়। বৈঠকে রাশিয়ার উপমন্ত্রী বলেন, বাংলাদেশের চলমান শিল্পায়নের ধারা টেকসই করতে উত্পাদিত শিল্প পণ্যের গুণগত মানোন্নয়ন ও মূল্য সংযোজন জরুরি। এ ক্ষেত্রে রাশিয়ান ফেডারেশনের উদ্যোক্তারা দূর প্রাচ্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশের শিল্প কারখানার সক্ষমতা বৃদ্ধিতে এগিয়ে আসবে। তিনি দ্বিপাক্ষিক শিল্প ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের জন্য বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব করেন। শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে রাশিয়ান ফেডারেশন সহায়তা করতে পারে। ভারত ও চীনের পাশাপাশি অবস্থান করায় বাংলাদেশ ধীরে ধীরে বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যের তীর্থস্থান হিসেবে গড়ে ওঠছে। তিনি এসময় বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকারের দেয়া বিভিন্ন সুবিধা সম্পর্কে উপমন্ত্রীকে অবহিত করেন। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল, চামড়া, আইসিটি, জাহাজ নির্মাণ ও জাহাজ ভাঙ্গাসহ উদীয়মান শিল্পখাতে সরাসরি বা যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে রাশিয়ার উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।