জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা মোকাবিলার আহবান তথ্যমন্ত্রীর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৯
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর ‘অভিষেক ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও ‘তেঁতুলহুজুরদের’ মোকাবেলা করার আহবান জানিয়ে বলেছেন, আজ জাতির সামনে একটি বড় প্রশ্ন, রাজনীতির আবর্জনা তেঁতুলহুজুর, যুদ্ধাপরাধ, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদকে আপনারা বর্জন করবেন কিনা গ্রহণ করবেন। যদি এসব মোকাবেলা করতে না পারেন বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে। আর হোঁচট খাওয়া জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এখানে নিরপেক্ষর কোন জায়গা নেই, আপনাদের যে কোন একটি পক্ষ নিতে হবে। বাংলাদেশের পক্ষ নাকি যুদ্ধাপরাধীদের পক্ষ। বাংলাদেশের পক্ষ নাকি জঙ্গিবাদের পক্ষ। যদি বাংলাদেশের পক্ষে থাকেন তাহলে গণতন্ত্রের পক্ষে থাকবেন। গণমাধ্যমকর্মীদের জন্যেও এটি একটি বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডিএসইসি আয়োজিত ‘অভিষেক ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘ডিএসইসি’ এর সদস্যদের সন্তানদের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, জিএসসি ও সমাপনী পরীক্ষায় কৃতিত্বের জন্যে ১৭ জন শিক্ষার্থীকে বৃত্তি ও ক্রেষ্ট প্রদান করা হয়। সেই সঙ্গে ২০১২ সালের ‘ডিএসইসি’ এর নির্বাচনে নির্বাচিত কমিটির সদস্যদের ক্রেষ্ট ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আয়োজক সংগঠনের সভাপতি এনায়েত ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কে কে গ্রুপের চেয়ারম্যান শাহনুর জামান, আরবি গ্রুপের নিবার্হী পরিচালক হুমায়ূন কবীর, সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিঞা, যুগ্ম সম্পাদক তানজিমুল নয়ন, কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ নবীন প্রমুখ।