পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে দুর্নীতিরোধে সতর্কতার তাগিদ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০০
উপজেলা পর্যায়ে হাতেগোনা গুটিকয়েক বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে সুষম সেবা প্রদান করা সম্ভব নয়। অপরদিকে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম রোধে কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলা হয়। সংসদ সচিবালয় জানায়, সারাদেশের উপজেলা পর্যায়ে চিকিত্সা সেবা নিয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে বলা হয়, অপরিকল্পিত ও অপরিপূর্ণভাবে গুটিকয়েক বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যক্ষেত্রের সুষম সেবা প্রদান সম্ভব নয়। এদিকে বৈঠকে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে চলমান নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়। কমিটির পক্ষ থেকে এ নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি না হয় সে বিষয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়। সিএমএমইউ-এর আওতাধীন গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিক্যাল কলেজের অবকাঠামোর উপর আলোচনা করা হয়। অবকাঠামোগুলোকে পরিকল্পনা অনুযায়ী সুশৃংখল বিন্যাসে নির্মাণ করা এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য অবশ্যই আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে কোয়ার্টার নির্মাণের সুপারিশ করা হয়। গোপালগঞ্জ সদর হাসপাতালকে একই ব্লকে ৫০০ শয্যায় উন্নীত করে মেডিক্যাল কলেজের সাথে সংযুক্তি করার জন্যও কমিটি পরামর্শ দিয়েছে। কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ, ফ, ম, রুহুল হক, মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, আলহাজ্ব অধ্যাপক ডা. এম এ মান্নান, মো. আনোয়ার হোসেন, মো. মুরাদ হাসান এবং জেড আই এম মোস্তফা আলী বৈঠকে অংশগ্রহণ করেন।