নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা উত্তরপাড়া এলাকায় রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা গোলজার হোসেন, ব্যবসায়ী সানোয়ার হোসেন, মজিবর, শাহাবুদ্দিনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আরো বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।
আহত সানোয়ার হোসেন জানান, যুবদল নেতা গোলজার হোসেন এলাকার উন্নয়নমূলক কাজে বাধা প্রদান করায় স্থানীয় লোকজন তার ওপর ক্ষিপ্ত হয়। মঙ্গলবার গোলজার হোসেনের নেতৃত্বে তার সমর্থিত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মজিবর, সানোয়ার হোসেন ও শাহাবুদ্দিনের উপর হামলা চালায়। এ সময় এলাকার শতাধিক লোকজন পাল্টা-ধাওয়া দিলে গোলজার হোসেনসহ ৭ জন আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।
