প্রধানমন্ত্রী গণতন্ত্র হত্যা করছেন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫০
বিকল্পধারা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তিলে তিলে গণতন্ত্রকে হত্যা করছেন। আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হতে পারবে না। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ীতে পঞ্চায়েত কমিউনিটি সেন্টারে বিকল্পধারার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আইয়ুব খান, ইয়াহিয়া খান ক্ষমতা ছাড়তে চাননি। জনগণ জোর করে তাদের নামিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন করতে হবে। আপনার মতো ‘দলকানা’র অধীনে নির্বাচন হবে না। মিলিটারি বাহিনী নিয়ে দাপাদাপি করে লাভ হবে না। কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে সংবিধানের দোহাই দিচ্ছেন, কিন্তু বাংলাদেশে তিনিই সবচে বেশি সংবিধান লংঘন করেছেন। তার দাবিতে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক তিনিই এখন অস্বীকার করছেন। তিনি বলেন, এ দেশের মুসলমানরা নিরাপদ নয়। আলেমদের ওপর ফেরাউনের মতো গুলি চালিয়েছে সরকার।