ভারতের কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী জোরালোভাবে নির্বাচনী প্রচারযুদ্ধে নেমে পড়েছেন। তিনি গতকাল মঙ্গলবার রাজস্থানের বরনে এক জনসভায় কংগ্রেসের পক্ষে ভোট প্রার্থনা করেন। রাহুল বলেন, ভারতের গরীব মানুষদের এখন থেকে সবচে বড় স্বপ্ন দেখতে হবে।
তিনি আরো বলেন, আপনাদের সামনে ভোটের পরীক্ষা দেয়ার সময় আসছে। কংগ্রেস কিংবা বিজেপি বড় দুটি দলের নেতৃত্বাধীন জোট থেকে আপনাদের একটিকে বেছে নিতে হবে। কিন্তু কংগ্রেস হচ্ছে গরীব মানুষের দল। বিরোধী দল দেশের স্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বেশি মাথা ঘামায়। কিন্তু কংগ্রেস এমন একটি দল যারা সব সময় গরীব মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে মাথা ঘামায়। যারা সবচে’ বেশি গরীব তাদেরকেই সবচে বড় স্বপ্ন দেখতে বলে কংগ্রেস। কংগ্রেস গরীব মানুষকে বলে আপনারা বিমানের দিকে তাকান, আর স্বপ্ন দেখুন আপনারই সন্তান একদিন এই বিমানের পাইলট হবে। বিজেপি জোট ক্ষমতায় গেলে গরীব মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হবে না বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, কংগ্রেস গরীব মানুষের স্বার্থের পক্ষে কোনো কাজ করতে গেলে বিরোধী দল বার বার বাঁধা দেয়। পরের বার কংগ্রেস ক্ষমতায় এলে মানুষকে তার নিজের ভাগ্য নিজেকে গড়ে তোলার মতো সক্ষম করে তোলা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
