বিএনপি জাতীয় সংসদের চলতি ১৯তম অধিবেশনে যোগদান করবে কি-না সে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এদিকে সারাদেশে জামায়াতে ইসলামীর ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির কারণে চলতি সপ্তাহের অবশিষ্ট দুই কার্যদিবসেও বিরোধী দলের সংসদ অধিবেশনে যোগদান করাটা অনিশ্চিত হয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার সংসদ ভবনের প্রধান প্রবেশ পথে বিএনপির কয়েকজন সংসদ সদস্যকে সংসদে যোগদান সম্পর্কে প্রশ্ন করা হলে তারা জানান, বিষয়টি সংসদীয় দলের বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
গত বৃহস্পতিবার থেকে অধিবেশন শুরু হয়েছে। আর প্রথম দিন থেকেই বিরোধী দল সংসদে অনুপস্থিত রয়েছে। আগামীকাল ষষ্ঠ কার্যদিবস শেষে বেশ কয়েকদিনের জন্য অধিবেশন মুলতবি হওয়ার কথা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সংসদ সদস্য জানান, জামায়াত হরতাল দিয়েছে। তাই আজকালের মধ্যে অধিবেশনে যোগদান করার কোন সম্ভাবনা নেই।
