হিরনের ঢাকার বাসায় দুর্বৃত্তদের হানা : নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫১
সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের ঢাকার গুলশানের বাসভবনে গতকাল মঙ্গলবার প্রত্যুষে দুর্বৃত্তরা দ্বিতীয় দফায় মাইক্রোবাস নিয়ে হানা দেয়। অল্পের জন্য দুর্বৃত্তদের গুলশান থানা পুলিশ গ্রেফতার করতে পারেনি বলে শওকত হোসেন হিরন জানান। তিনি ইত্তেফাককে বলেন, আগের রাতে তার বাসভবনে গুলি বর্ষণের ঘটনায় সোমবার গুলশান থানায় তিনি জিডি করেন। এ কারণে পুলিশ তার বাসার নিরাপত্তার জন্য তত্পর ছিল। গতকাল মাইক্রোবাস যোগে ৭/৮ জনের দুর্বৃত্তের দল তার বাসার নীচে এসে গালিগালাজ করে। তারা গেট না খোলায় দারোয়ানকে গালিগালাজ করে। এসময় বাসার দারোয়ানসহ তার গাড়ি চালক ও অন্য কর্মচারীরা দুর্বৃত্তদের সাথে বচসায় লিপ্ত হয়। তিনি নীচ তলায় হট্টগোলের শব্দ পেয়ে গুলশান থানায় ফোন করেন। টহলে থাকা পুলিশ সদস্যরা হিরনের বাসায় পৌঁছার আগেই দুর্বৃত্তের দল পালিয়ে যায়। হিরন জানান, পুলিশ যে সড়ক দিয়ে তার বাসভবনে এসেছিল দুর্বৃত্তরা তার পার্শ্ববর্তী সড়ক দিয়ে পালিয়ে গেছে। অল্পের জন্য পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতার করতে পারেনি। শওকত হোসেন হিরন তার বাসায় গুলিবর্ষণ ও মাইক্রোবাস নিয়ে হানা দেয়ার ঘটনায় দলীয় প্রতিপক্ষকে দায়ী করে আসছেন। বর্তমানে তিনি নিজের পরিবার-পরিজনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানান। আজ বুধবার বরিশালে পৌঁছার লক্ষ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নৌপথে ঢাকা থেকে রওয়ানা হওয়ার পূর্বে শওকত হোসেন হিরন তার স্ত্রী ও সন্তানদের নিরাপত্তার জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে বলেন, রাজনীতিবিদ হিসেবে আমার পক্ষ-প্রতিপক্ষ থাকতে পারে। আমার স্ত্রী-সন্তানদের কোনো শত্রু নেই। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য পরিবারের কোনো সদস্যের ক্ষতি কারো কাম্য হতে পারে না।