না’গঞ্জে পুলিশ হেফাজতে মৃত্যু

পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করে সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তুহিন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৩
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুলিশ হেফাজতে শামীম রেজার মৃত্যুর পর থানার ওসিসহ পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা করে বিপাকে পড়েছেন তার স্ত্রী সাবিকুন নাহার তুহিন। শ্বশুর বাড়ির লোকজনও ভয়ে পুলিশের পক্ষ নিয়েছে। সোনারগাঁওয়ের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাও পুলিশের পক্ষ নেয়ায় তুহিন এখন সন্তান নিয়ে কার্যত পালিয়ে বেড়াচ্ছেন। সোমবার দুপুরে অনেক চেষ্টার পর ঢাকার দক্ষিণ যাত্রাবাড়িতে এক বোনের বাড়িতে আশ্রয় নেয়া সাবিকুন নাহার তুহিনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘২২ মে শামীম মারা যাওয়ার পর আমার শ্বশুর বাড়ির লোকজন খুব সোচ্চার ছিল। আমার শ্বশুর অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদনও করেছিলেন। কিন্তু এর কিছুদিন পর থেকেই তিনি আমাকে চাপ দিতে থাকেন যেন ওসিকে মাফ করে দিই। তিনি অভিযোগ করেন, পুলিশ সরাসরি আমাকেও শামীমের পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাতে সোনারগাঁতে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের সূত্রে শামীম রেজাকে আটক করে পুলিশ। পরে ২২ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি।