এ রায় ন্যায় বিচারের পরিপন্থি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৩
আসামি পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন, আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায় আমরা মানতে বাধ্য। দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু এটি ভুল রায়। আমরা এ রায়ে সংক্ষুব্ধ। আমরা মনে করি, এ রায় ন্যায় বিচারের পরিপন্থি। রায় ঘোষণার পর এক প্রেস-ব্রিফিংয়ে ব্যারিস্টার রাজ্জাক একথা বলেন। ব্যারিস্টার রাজ্জাক বলেন, বিচারিক আদালতে কাউকে মৃত্যুদণ্ড দেয়া না হলে আপিল আদালতে এই দণ্ড দেয়ার নজির বাংলাদেশে নেই। পুর্ণাঙ্গ রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করা হবে। আসামিপক্ষের আরেক আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, এটি একটি ভুল রায়। এই রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে। প্রেস-ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এডভোকেট এম তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।