একাত্তরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ট্রাইব্যুনালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার আপিলে মৃত্যুদণ্ড হওয়ার খবর দেশি গণমাধ্যমগুলোর পাশাপাশি বিদেশি গণমাধ্যমগুলোতেও ফলাও করে প্রচার করা হয়েছে।
প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতেও ফলাও করে প্রচার হয়েছে রায়ের খবর। ভারতের টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, পাকিস্তানের দ্য ডন, জিও, মধ্য প্রাচ্যের আল জাজিরা, দ্য গালফ টুডে, যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, ব্রিটেনের বিবিসি, দ্য গার্ডিয়ানের মতো গণমাধ্যমগুলোর অনলাইনে সুপ্রিম কোর্টের রায়ের কিছুক্ষণ পরই প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে। তবে বেশিরভাগ গণমাধ্যমই সংবাদ সংস্থা রয়টার্স, ফ্রান্সভিত্তিক এএফপি, ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই), যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন প্রকাশ করেছে।
বিবিসি’র অনলাইনে প্রকাশিত খবরের শিরোনাম ছিলো ‘ডেথ পেনাল্টি ইন বাংলাদেশ ওয়ার কেস’। এই প্রতিবেদনে বলা হয়, যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে জামায়াতে ইসলামী নেতার আপিল আবেদন খারিজ করে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, দক্ষিণ এশিয়ায় বিচারের ইতিহাসে এই প্রথম বিচারিক আদালতের সাজার সিদ্ধান্ত বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্ট। রায়ের পর দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর চট্টগ্রামে সহিংসতার ঘটনা ঘটেছে। আগামী সপ্তাহগুলোতে সহিংসতা বাড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরার অনলাইনে প্রকাশিত এ সংক্রান্ত খবরের শিরোনাম ছিলো ‘বাংলাদেশ ইসলামিস্ট লিডার সেনটেন্স টু ডেথ’। এই প্রতিবেদনে বলা হয়, একাত্তরে অনেক লোককে হত্যার অভিযোগে বিরোধী দলীয় ইসলামপন্থি সিনিয়র নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ৬৫ বছর বয়সী আবদুল কাদের মোল্লা জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা। তিনিই প্রথম রাজনীতিক যিনি অভিযোগ থেকে অব্যাহতির আপিল করে সুপ্রিম কোর্ট থেকে মৃত্যুদণ্ড পেলেন।
বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম ছিলো ‘বাংলাদেশ কোর্ট ইমপোজেস ডেথ সেনটেন্স অন ইসলামিক লিডার ফর ওয়ারক্রাইম’। প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধ সংঘটিত করার দায়ে শীর্ষস্থানীয় একজন ইসলামপন্থি নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত। রয়টার্সের এই প্রতিবেদনটি শিকাগো ট্রিবিউন, দ্য গার্ডিয়ানসহ বেশকিছু গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট সেনটেন্সেস ইসলামিস্ট টু ডেথ’ শিরোনামে কাদের মোল্লার রায় সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়, শীর্ষ ইসলামপন্থি নেতাকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাজার থেকে কঠোর সাজা মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। প্রতিবেদনটি ওয়াল স্ট্রিট জার্নাল, হংকংয়ের দ্য স্টান্ডার্ড, মধ্যপ্রাচ্যের দ্য গালফ টুডে, পাকিস্তানের দ্য ডন ও জিও’র অনলাইনে প্রকাশ করা হয়েছে। ‘বাংলাদেশ টপ কোর্ট অর্ডারস সিনিয়র ইসলামিস্ট টু হ্যাং’ শিরোনামে এএফপি’র প্রতিবেদন প্রকাশ করা হয়েছে টাইমস অব ইন্ডিয়ায়। ভারতের পিটিআই শিরোনাম করেছে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট হ্যান্ডস ডাউন ডেথ পেনাল্টি টু জামায়াত লিডার’। এতে বলা হয়েছে, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৌলবাদী জামায়াতে ইসলামীর দুর্ধর্ষ নেতা আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত।
