ক্ষমতায় আওয়ামী লীগ থাকায় ফাঁসির রায় শোনা সম্ভব হয়েছে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণেই কাদের মোল্লার ফাঁসির রায় শোনানো সম্ভব হয়েছে। আর এর মাধ্যমে আজ জাতি যুদ্ধাপরাধী মুক্ত দেশ গড়তে আরেক ধাপ এগিয়ে গেল। গতকাল মঙ্গলবার সকালে আপিল বিভাগে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির আদেশ হওয়ার পরে বিকাল ৪টার দিকে ফেইসবুক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এর বিরুদ্ধে দুই পক্ষই আপিল করলে আসামি পক্ষের আপিল আবেদন খারিজ করে দিয়ে প্রসিকিউশনের আবেদন গ্রহণ করে গতকাল মঙ্গলবার কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ দেয় আপিল বিভাগ। সুসংগঠিতভাবে কাজ করলে আওয়ামী লীগকে হারানো অসম্ভব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, আমার বিশ্বাস সারাদেশে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক আছে। আমাদের দলের নেতাকর্মীরা যদি সুসংগঠিতভাবে কাজ করে এবং ভোটাররা যদি এগিয়ে আসে তাহলে আওয়ামী লীগকে হারানো অসম্ভব। গতকাল মঙ্গলবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভার মাঝামাঝি সময়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নির্বাচন প্রচার কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, দফতর সম্পাদক এবং গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু এমপি, বঙ্গবন্ধুর নাতি ও শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি প্রমুখ।