চিতলমারীতে বখাটের হামলায় স্কুলছাত্রীসহ ৫ জন আহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৮
বাগেরহাটের চিতলমারীতে বুধবার দুপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে এক বখাটের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের পরিবারসূত্রে জানা গেছে, উপজেলার বড়গুনি গ্রামের মো. সোবহান শেখের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী আঁখি আক্তারকে প্রতিবেশী শাহাবুদ্দিনের বখাটে ছেলে বাবু শেখ দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। এছাড়া বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাবও দেয় সে। বিষয়টি আঁখি তার পরিবারকে জানালে বাবু আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে আঁখিকে তুলে নেয়ার হুমকি দেয়। এ অবস্থায় আঁখির স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে বাবু ও তার লোকজন আঁখির পথরোধ করে। তারা জোরপূর্বক আঁখিকে তুলে নেয়ার চেষ্টা চালায়। এ সময় খবর পেয়ে আঁখির পরিবারের লোকজন ছুটে এসে বাধা দিলে বখাটে বাবু ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এতে সোবহান শেখ, মাহাফুজা বেগম, আছাদ শেখ, রোকসানা বেগম, হারুজা আক্তার ও আঁখি আহত হয়। ঘটনার পর বখাটে বাবু শেখের হুমকির মুখে আঁখি ও তার পরিবারের লোকজন ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। উল্লেখ্য, আঁখি বড়গুনি-মেহেরুনেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। চিতলমারী থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।