সিরিয়ায় আলোচিত রাসায়নিক অস্ত্র হামলা বিদ্রোহীরা করেছে এরকম প্রমাণ রাশিয়ার কাছে হস্তান্তর করেছে দেশটির সরকার। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ তথ্য জানিয়েছেন। রাশিয়া জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করেছে। এদিকে জর্ডান-সিরিয়া সংকট সমাধানে চীনকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। খবর বিবিসি, রয়টার্স ও এএফপির।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে বৈঠকের পর রিয়াবকভ বলেন, রাসায়নিক অস্ত্র হামলার সংশ্লিষ্ট উপাদানগুলো রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের বলা হয়েছে, সিরিয়ার বিদ্রোহীরা যে রাসায়নিক হামলায় জড়িত ছিল এগুলো তার বস্তুতগত প্রমাণ। তবে অস্ত্রের ধরনের বিস্তারিত জানানো হয়নি। রিয়াবকভ আরো বলেন, রাশিয়া রাসায়নিক অস্ত্র হামলা সংক্রান্ত জাতিসংঘের রিপোর্টটির ব্যাপারে হতাশ। তিনি বলেন, এটি কিছু বাছাইকৃত বিষয়ের ভিত্তিতে তৈরি। এতে অনেক বিষয় উপেক্ষা করা হয়েছে। তদন্ত প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, পক্ষপাতদুষ্ট এবং একপেশে মন্তব্য করে তিনি বলেন, অস্ত্রপরিদর্শকরা কেবল ২১ আগস্টের রাসায়নিক অস্ত্র হামলার ঘটনা খতিয়ে দেখেছেন। এর আগের তিনটি হামলার ঘটনা দেখেননি।
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ সিরিয়া সংকট মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। চীনে চারদিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন গতকাল বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককালে জর্ডানের বাদশাহ এ আহ্বান জানান। জর্ডানের বাদশাহ চীনা প্রেসিডেন্টকে বলেন, সিরীয় সংকট সমাধানসহ ইসরাইল-ফিলিস্তিনী শান্তি প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে আমাদের এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, শিষ্টাচার ও সমৃদ্ধি অর্জনের উপায় নিয়ে আলোচনা করতে এসেছি। চীনা প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে জর্ডান বাদশাহর প্রচেষ্টা ও অঙ্গীকারের চীন প্রশংসা করছে। তিনি বলেন, আমি দ্বি-পক্ষীয় এবং আঞ্চলিক ও অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আপনার সঙ্গে আন্তরিক আলোচনার জন্য প্রস্তুত।
