আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াই এখন ১৯৭১ সালের ঘাতকদের মূল নেত্রী। তিনি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্তদের ধারক ও বাহকে পরিণত হয়েছেন। তিনি যুদ্ধাপরাধী জামায়াতীদের রক্ষার জন্য মাঠে নেমেছেন। শাহাবুদ্দিন, লতিফুরের তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি-জামায়াত জাতীয় নির্বাচনে নগ্নভাবে হস্তক্ষেপ করে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল। পরবর্তীতে ১/১১’র ফখরুদ্দিন-মঈনউদ্দিনের সরকারের কুকীর্তিও দেশবাসী প্রত্যক্ষ করেছে।
সংবিধান মোতাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থাকবেন জননেত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন কমিশন পরিচালিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন জাতীয় সংসদ ও সরকার গঠিত হবে। শেখ হাসিনার সরকারের সাফল্য মূল্যায়ন করেই দেশবাসী আগামী নির্বাচনে পুনরায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। এটা বুঝতে পেরেই বেগম খালেদা জিয়া অগণতান্ত্রিক পথের দিকে অগ্রসর হচ্ছেন।
গতকাল বুধবার মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় অন্যান্যের মধ্যে রেফাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, গোলাম মোস্তফা তালুকদার মধু, জিয়াউর রহমান স্বাধীন, আল আমিন, আসলামউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
