কাদের মোল্লাসহ দলের শীর্ষ নেতাদের মুক্তি দিন :জামায়াত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৬
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে ৪৮ ঘণ্টার লাগাতার হরতালের প্রথম দিন পালন করায় দেশবাসীকে অভিনন্দন এবং হরতাল পালন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এখনো সময় আছে। ষড়যন্ত্র, চক্রান্ত বন্ধ করে আব্দুল কাদের মোল্লাসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিন। অন্যথায় জনতার আন্দোলনে আপনারা খড়কুটার মত উড়ে যাবেন। পুলিশের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের উপর কোন অত্যাচার-নির্যাতন চালাবেন না। তিনি বলেন, আব্দুল কাদের মোল্লাকে ‘হত্যা’ করার সরকারি চক্রান্ত ফাঁস হয়ে গেছে। সুপ্রীম কোর্ট রায় ঘোষণার পরই আইনমন্ত্রী, এটর্নি জেনারেল, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বামদলের নেতারা স্বল্পতর সময়ের মধ্যে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলানোর কথা ঘোষণা করেছেন। তারা বলেছেন, এ মামলায় কোন রিভিউ আবেদন করা যাবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সংবিধান অনুযায়ী সুপ্রীম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ করার অধিকার স্বীকৃত। যারা সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করে কাদের মোল্লাকে তড়িঘড়ি করে ‘হত্যা’ করতে চায়, জনগণ রাজপথে তাদের জবাব দেবে।