আইএমএফ প্রতিনিধিরা ঢাকায় আসছেন ঋণ পর্যালোচনা করতে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৭
উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেয়া কঠিন শর্তের ঋণ পর্যালোচনা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। আগামী ২১ সেপ্টেম্বর শনিবার সংস্থাটির প্রশান্ত মহাসাগরীয় উপ-বিভাগীয় প্রধান রডরিগো কুবরোর নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকা পৌঁছাবে। আগামী ৮ অক্টোবর পর্যন্ত দলটি দেশে অবস্থান করবে। উল্লেখ্য, গত বছরের মার্চে আইএমএফ বোর্ড সভায় বর্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) আওতায় বাংলাদেশের জন্য ৯৮ কোটি ৭০ লাখ ডলার ঋণ অনুমোদন করা হয়। তিন বছর মেয়াদী এই ঋণ দিতে নানা শর্ত জুড়ে দেয় সংস্থাটি। এর মধ্যে নতুন ভ্যাট আইন প্রণয়নসহ কঠিন কিছু শর্তও ছিলো। তিন কিস্তিতে এ পর্যন্ত মোট ৪২ কোটি ডলার অর্থ ছাড় করেছে সংস্থাটি। তবে তৃতীয় কিস্তির অর্থছাড় প্রথমে আটকে যায়। পরবর্তীতে সংস্থাটির বোর্ড সভায় শর্ত কিছুটা নমনীয় করে তা ছাড় করা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা যায়, সফরকালে আইএমএফ প্রতিনিধি দল বাংলাদেশের কঠিন শর্তের ঋণ পর্যালোচনা করতে ইআরডি, অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করবে। ইতিমধ্যেই সরকারের নেয়া কঠিন শর্তের ঋণের একটি প্রতিদেন ও সারসংক্ষেপ তৈরীর জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সরকারি কার্যালয়ে চিঠি পাঠিয়েছে আইএমএফ। দলটি দাতাদের কাছ থেকে সরকারের গৃহীত ঋণের শর্তসহ যাবতীয় বিষয় পর্যালোচনা করবে বলে জানা গেছে। বৈঠকে পদ্মা সেতুর জন্য সরকার যে বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছে সে বিষয়টিসহ বৈদেশিক অর্থের যোগানের বিষয়টিও গুরুত্ব পাবে। জানা গেছে, আইএমএফের তরফ থেকে আরো কয়েকটি বিষয়ের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংক কোম্পানি আইন, দুই স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের অগ্রগতি ও সংশোধিত ইসলামী বন্ড রুল। এছাড়া এন্টি মানিলন্ডারিং বা সন্ত্রাসী কাজে অর্থায়ন রোধে সরকারের নেয়া পদক্ষেপের বিষয়টিও বৈঠকে প্রাধান্য পাবে।