জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড দেয়ায় উদ্বেগ প্রকাশ করে শাস্তি হ্রাসের আহবান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি গত মঙ্গলবার তাদের ওয়েব সাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহবান জানায়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষক আব্বাস ফয়েজ বলেন, সুপ্রিম কোর্টের রায় এবং কাদের মোল্লার ফাঁসি নিশ্চিত করার জন্য দৃশ্যত সরকারের বিরামহীন প্রচেষ্টায় আমরা উদ্বিগ্ন। আমরা তাঁর মৃত্যুদণ্ড মওকুফের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই এবং মৃত্যুদণ্ডের বিধান বাতিলেরও আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে বলা হয়, গত ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে উভয়পক্ষ। সেই আপিল বিভাগের রায়ে কাদের মোল্লাকে মঙ্গলবার মৃত্যুদণ্ড দেয়া হয়। আব্বাস ফয়েজ বলেন, দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। বলা হচ্ছে, কাদের মোল্লা আপিলের সুযোগ পাবেন না। আপিলের সুযোগ না থাকার বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি বাংলাদেশের যে প্রতিশ্রুতি রয়েছে, তার সঙ্গে সংগতিপূর্ণ নয়। আপিলের সুযোগ ছাড়া মৃত্যুদণ্ড মানবাধিকার আইনের পরিপন্থী। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ক্ষতিগ্রস্তরা বিচার পাওয়ার অধিকার রাখেন। কিন্তু এজন্য মানবাধিকার লঙ্ঘিত হতে পারে না। মৃত্যুদণ্ড সমাধানের পথ নয় বরং সহিংস সংস্কৃতির লক্ষণ। বিবৃতিতে আরো বলা হয়, সুপ্রিম কোর্টে আপিলে শাস্তি বৃদ্ধির ঘটনা বাংলাদেশে এই প্রথম।
