সড়ক দুর্ঘটনায় তদন্ত ছাড়া হত্যা মামলা করা যাবে না

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩১
স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সড়ক দুর্ঘটনায় তদন্ত ছাড়া চালককে অভিযুক্ত করে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা করা যাবে না। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সড়ক পরিবহন মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। দুর্ঘটনা-জনিত কারণে হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডবিধির ৩০২ ধারায় করা মামলা প্রত্যাহার, সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবিতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘট আহবান করে সড়ক পরিবহন ফেডারেশন। ঐ ধর্মঘটকে সামনে রেখে গতকাল মন্ত্রণালয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, যোগাযোগমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশ মহাপরির্দশক, শ্রমিক ফেডারেশন ও মালিক সমিতির নেতৃবৃন্দ। শ্রমিক ফেডারেশনের এসব দাবি মেনে নেয়া দুর্ঘটনাকে উসকে দেয়া কী না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডবিধি অনুয়ায়ী কেউ স্বপ্রণোদিত হয়ে কাউকে হত্যা করলে অভিযুক্তদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা করা যায়। সড়ক দুর্ঘটনা সাধারণত চালক স্বপ্রণোদিত হয়ে করে না। এ কারণে এ ধরনের ঘটনায় ৩০৪ ধারায় মামলা করা যাবে। তবে তদন্তে চালকের বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সেক্ষেত্রে মামলার ধারা পরিবর্তন করা যেতে পারে। একই কথা বলেছেন নৌমন্ত্রী শাজাহান খান । বৈঠকে পরিবহন নেতারা তিন মাসের মধ্যে শ্রমিকদের নিয়োগপত্র দেয়ারও দাবি জানান, যার সঙ্গে একমত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে কাগজপত্র না থাকলে হয়রানি না করার দাবি জানান পরিবহন নেতারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও কাউকে হয়রানি করা হবে না। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া শ্রমিক নেতারা সড়ক দুর্ঘটনায় আটককৃত গাড়ি ২৪ ঘন্টার মধ্যে ছেড়ে দেয়ার দাবি জানালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারো জিম্মায় অথবা অন্যান্য আইনের মাধ্যমে দ্রুত গাড়ি মুক্ত করা যাবে। বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ধর্মঘট প্রত্যাহারের কথা সাংবাদিকদের জানালেও বাংলাদেশ পরিবহন ফেডারেশনের নেতা ওসমান আলী বলেন, যোগাযোগমন্ত্রী আমাদের ধর্মঘট প্রত্যাহার করতে বলেছেন। তবে আমরা তা আপাতত স্থগিত করেছি। দাবি মেনে নেয়া না হলে পুনরায় ধর্মঘট আহবান করা হবে।