আহ্বায়ক কমিটিতে শিবিরকর্মী!

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কোন্দল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৫
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে নানামুখী কোন্দল বাড়ছে। অতিসম্প্রতি কথিত এক শিবিরকর্মীকে নিয়ে আহ্বায়ক কমিটি গঠন নিয়ে নিউইয়র্কের পার্শ্ববর্তী সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ ঘটনায় তারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাউথ জার্সিতে অবাঞ্ছিত ঘোষণা করেন। এদিকে জাতিসংঘের ৬৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকালে তাকে গণ-সংবর্ধনা দিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুই দফায় প্রস্তুতি সভা ডাকা হলেও কোন্দলের কারণে সেসব সভা পণ্ড হয়ে গেছে। জানা গেছে, শিবির কর্মীকে অন্তর্ভুক্ত করে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠনের অভিযোগ এনে ক্ষুব্ধ স্থানীয় নেতা-কর্মীরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের কাছে এর প্রতিকার চেয়েছিলেন। কিন্তু বিষয়টির সুরাহা না হওয়ায় সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে এক সাংবাদিক সম্মেলন করে বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের জন্য দলের সভানেত্রীর কাছে আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে সাউথ জার্সি আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আর্থিক লেনদেনের বিনিময়ে অগণতান্ত্রিক উপায়ে রাতের আঁধারে নিউইয়র্কে বসে চট্টগ্রামের সাবেক শিবির কর্মী শহীদ খানসহ পছন্দের লোক দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল রফিক, মোহাম্মদ আবু তাহের, ফারুক তালুকদার, নুরুন্নবী চৌধুরী, আব্দুল গফুর মিয়া, এবিএ রহিম, মোহাম্মদ বেলালউদ্দিন, উষা বড়ুয়া, মামুন মোস্তফা, দীপঙ্কর মিত্র, এনামুল হক এনাম প্রমুখ। এদিকে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে সোমবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দ্বিতীয় প্রস্তুতি সভাও হট্টগোলের কারণে পণ্ড হয়ে গেছে। জানা গেছে, সোমবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে প্রধানমন্ত্রীর জন্য সংবর্ধনার দ্বিতীয় প্রস্তুতি সভা আহ্বান করা হয়। কিন্তু সভায় যুক্তরাষ্ট্র যুবলীগের মিসবাহ-ফরিদ গ্রুপকে না ডাকায় তাদের সমর্থকরা হট্টগোল শুরু করেন। তখন যুবলীগের তারিক গ্রুপ পাল্টা হট্টগোল শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। এ অবস্থায় সভাস্থল ছেড়ে যান আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। দুপক্ষ মারমুখী হলে পালকি সেন্টার কর্তৃপক্ষ পুলিশ ডাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে গত ২৮ আগস্ট একই কারণে পণ্ড হয়ে যায় প্রথম প্রস্তুতি সভা। উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক পৌঁছাবেন।