জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। দিনভর ওঠানামার পর শেষ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ১৮ পয়েন্ট কমে যায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কায় গত কয়েক দিন ধরে শেয়ারবাজারের সূচক কমছে।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গত সাত কার্যদিবস পর ডিএসই’র লেনদেন ৫শ’ কোটি টাকার নিচে নেমে গেছে। গতকাল লেনদেন হয়েছে ৪৮৫ কোটি টাকা। যা আগের কার্যদিবসের তুলনায় ২৫ শতাংশ কম। এদিকে কোম্পানি ভিত্তিক শেয়ারের দর ওঠানামার প্রবণতা গতকালও অব্যাহত ছিল। ক্ষুদ্র মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের দর আগের দিনের তুলনায় প্রায় দেড় শতাংশ কমেছে। এদিকে গতকালও বাজারে লেনদেনের ক্ষেত্রে পোশাক খাতের অবদান ছিল শীর্ষে। মোট লেনদেনের প্রায় ১৫ শতাংশ হয়েছে এ খাত ঘিরে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ১৬৮ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৮৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সনদ পেয়েছে ট্রাস্ট ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ট্রাস্ট ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সদন প্রদান করা হয়েছে।
