কাদের মোল্লার যাবজ্জীবন সাজার বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল গ্রহণ করে আপিল বিভাগ যে রায় দিয়েছে তার বিরুদ্ধে রিভিউ করা যাবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান ও দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত এম পি। তিনি বলেন, আপিল বিভাগের রায়ে কাদের মোল্লার ফাঁসির আদেশের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ নেই। কারণ এ আপিল কোনো প্রচলিত সাংবিধানিক নিয়মে করা হয়নি, এটা করা হয়েছে ওয়ার্ক ক্রাইম ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল এক্টের এইচ ধারায়। সুতরাং সংবিধানের অনুচ্ছেদ ১০৫ বা অন্য জায়গায় পুনর্বিবেচনার (রিভিউ) যে অধিকার দেয়া হয়েছে এ ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না কারণ এটা শুধু গণহত্যাজনিত মানবতা বিরোধী অপরাধই নয়, যুদ্ধাপরাধও বটে।
গত বুধবার দিরাই উপজেলা গণমিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন রুরাল এমপ্লয়মেন্ট এ্যান্ড রোড মেইন্টেনেন্স প্রোগ্রাম (আরইআরএমপি) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ৯ ইউনিয়নের মহিলা শ্রমিকদের সঞ্চয়ী জমার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
