মিসরে নিরাপত্তা বাহিনীর সাথে সরকার বিরোধীদের সংঘর্ষ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৪
হেলিকপ্টারসহ মিসরের পুলিশ কায়রোর নিকটবর্তী কেরদাশা শহরে অভিযান শুরু করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। ইরানের সরকারি টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানায়। নিহত পুলিশ কর্মকর্তার নাম নাবিল ফারাজ। পুলিশ ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে কারফিউ জারি করেছে। তবে সংঘর্ষ এখনও চলছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। নিরাপত্তা কর্মীরা এলাকাটি ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে ঢুকতে বাধা দেয়। মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর গতমাসে কেরদাশার একটি থানায় অতর্কিত হামলায় ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়। এরপর বৃহস্পতিবার থানায় হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ এই অভিযান চালায়। স্থানীয়রা জানায়, পুলিশ মুসলিম ব্রাদারহুড কর্মীদের ধরতে ঘরে ঘরে তল্লাশি চালায়। ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খুব সকালে পুলিশের চালানো ওই অভিযানের উদ্দেশ্যে ছিল কেরদাশা অঞ্চল থেকে জঙ্গিদের উত্খাত করে দেয়া। কাপড়ের জন্য বিখ্যাত কেরদাশা অঞ্চলটি জঙ্গিদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। গত জুলাইয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মুরসির পতনের পর আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে মুরসির সমর্থকদের মধ্যে সংঘর্ষে সহস্রাধিক লোক নিহত হয়। এদের মধ্যে শতাধিক পুলিশ কর্মকর্তা রয়েছে। গত বুধবার রাতে হাজার হাজার মানুষ মুরসির সমর্থনে কেরদাশা শহরে বিক্ষোভ করে। বুধবার স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা জানি নিরাপত্তা বাহিনীর লোকেরা আসবে এবং সন্ত্রাসের অভিযোগে আমাদের ধরে নিয়ে যাবে। অথচ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করে থাকে বহিরাগতরা। এর আগে নিরাপত্তা বাহিনী সোমবার দেলগা ও মিনিয়া শহরে অভিযান চালিয়ে অনেক মানুষকে গ্রেফতার করে।