চট্টগ্রামে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ-সহ অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনীদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে জাতির পাপ মোচন করেছেন। তাই শেখ হাসিনা বাঙালি জাতিসত্তার সুরক্ষার প্রধান অবলম্বন। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার শাসনামলে নজিরবিহীন উন্নয়ন হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। শফিক আদনানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল প্রমুখ।
