আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ জামায়াতকে প্রতিহত করতে যুবলীগ নেতৃবৃন্দ ও হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জামায়াতের ডাকা হরতালের কারণে গত দুই দিনে অনেক হজ্বযাত্রী তাদের ফ্লাইট ধরতে পারেননি। অথচ এ দলটি ইসলামের কথা বলে রাজনীতি করে। সত্যিকার অর্থে যদি হেফাজতে ইসলাম ধর্মের রক্ষা করে তাহলে এই জামায়াতকে প তিহত করতে তাদের রাজপথে নামা উচিত।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হরতালের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। হানিফ বলেন, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কানাডার আদালতে যে মামলা হয়েছে তাতে কোনো মন্ত্রীর নাম না থাকায় প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের কেউ এই দুর্নীতির সঙ্গে যুক্ত নয়।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। এদিকে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে রাজধানীর শতাধিক স্থানে মিছিল, মানববন্ধন ও মোটর শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের মৃত্যুদণ্ড রায়ে বঙ্গবন্ধু এভিনিউতে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
