খালেদা জিয়ার সঙ্গে কথা হয়নি :সিইসি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৬
জাতীয় নির্বাচন ও নির্বাচন কমিশন (ইসি) নিয়ে কোনো ধরনের অসম্পূর্ণ বা ভুল তথ্য পরিবেশন করে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। বিভিন্ন গণমাধ্যমে ‘সিইসি-খালেদা ফোনালাপ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। পেশার প্রতি সাংবাদিকদের দায়িত্বশীল থাকার অনুরোধ জানিয়ে সিইসি বলেন, আপনারা অত্যন্ত দায়িত্বশীল একটি পেশায় কাজ করেন। জাতি আপনাদের দিকে তাকিয়ে থাকে। সুতরাং এমন কোনো খবর আপনাদের পরিবেশন করা উচিত নয়, যা জনমনে বিভ্রান্তির জন্ম দেয়। সমপ্রতি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সিইসির টেলিফোন আলাপ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সিইসির কার্যালয়ে গিয়ে মোবাইল ফোনে খালেদা জিয়ার সঙ্গে তার (সিইসি) কথা বলিয়ে দেন। ঐ খবরের ভিত্তি নেই দাবি করে সিইসি বলেন, এই ধরনের উদ্ভট কথা আপনারা কোথা থেকে বলেন? দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত বেগম জিয়ার সঙ্গে আমার কোনো কথা হয়নি। মন্ত্রিসভায় আরপিও এর খসড়া অনুমোদনে কমিশনের চাহিদা মোতাবেক মন্ত্রণালয়গুলোর নিয়ন্ত্রণ রাখার বিষয়টি অনুমোদন হয়নি উল্লেখ করলে তিনি বলেন, আমরা চেয়েছি নির্বাচনকালীন সময়ে নির্বাচন কর্মকর্তারা যে মন্ত্রণালয়ের অধীনের হোক, আমাদের প্রয়োজনে বা কোন অপরাধের কারণে তাদের তাত্ক্ষণিক শাস্তি বা বদলির ক্ষমতা কমিশনকে দেয়া হোক। সেটা আরপিওর খসড়া ছিল এবং অনুমোদন হওয়ার পরও আছে। বুধবার থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণ কমিশন সভা শেষে সিইসি বলেন, নতুন ভোটারদের আগামী বুধবার থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। আমাদের ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন হয়েছে। ৭০ লাখেরও বেশি এবার নতুন ভোটার হয়েছেন। ঢাকা ও গাজীপুর এলাকার জাতীয় পরিচয়পত্র তৈরি শেষ। নতুন করে যারা ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের জাতীয় পরিচয়পত্র আগামী বুধবার থেকে বিলি করা শুরু হবে। ২০১২ সালের হালনাগাদে ভোটার তালিকাভুক্ত হওয়া ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্র দিয়ে আসা হবে। প্রাথমিকভাবে ঢাকা মহানগর থেকে পরিচয়পত্র বিতরণ শুরু হবে। ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেছে, তারাই এবার বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্র পৌঁছে দেবে। হালনাগাদে ভোটারের সংখ্যা ৭০ লাখ বেড়েছে। হালনাগাদ হওয়া ভোটারদের নিয়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ২১ লাখ ২৯ হাজার ৮৫২ জন।