জন কেরিকে খালেদা জিয়ার চিঠি

সংকট উত্তরণের একমাত্র পথ অর্থবহ সংলাপ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৭
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিঠির জবাব পাঠিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার পাঠানো এই ফিরতি চিঠিতে খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট থেকে বের হওয়ার একমাত্র পথ একটি অর্থবহ সংলাপ। সংলাপের মাধ্যমেই সমাধান বের করে আনতে হবে। তবে সংলাপ নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর। বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ও উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলীয় নেতাকে চিঠি দিয়েছিলেন বুধবার এর জবাব পাঠানো হয়েছে। বিরোধী দলীয় নেতা নিজেই পররাষ্ট্র মন্ত্রীকে এই চিঠি লিখেছেন। শমসের মবিন বলেন, বিরোধী দলীয় নেতা চিঠিতে বলেছেন- নির্বাচন নিয়ে বিশ্বনেতারা যে অনিশ্চয়তা ও উত্কণ্ঠা প্রকাশ করেছেন, বাংলাদেশের মানুষও একইভাবে উদ্বিগ্ন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জাতিসংঘ অতীতেও উদ্যোগ নিয়েছিল। এখনো সংকট সমাধানে কোনো উদ্যোগ নিলে বিএনপি তাতে সাড়া দেবে। গত ৭ সেপ্টেম্বর জন কেরি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি দিয়েছিলেন। এর আগে জাতিসংঘের মহাসচিব বান-কি মুন দুই নেত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন, তিনিও সংকট সমাধানে দ্রুত একটি কার্যকর সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।