পালিয়ে বিয়ে করায় পরিবারের হাতে প্রেমিকযুগল খুন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৫
প্রেম, ভালবাসায় যেমন সুখ আছে তেমনি আছে এক বুক বেদনা। এটি মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। আবার সহজেই জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে; এই অত্যাধুনিক যুগেও যদি ‘সম্মানজনক হত্যা’র মতো কুসংস্কারাচ্ছন্ন আইন সমাজে বিদ্যমান থাকে। আর এই নিষ্ঠুর আইনের শিকার হলো ভারতের এক প্রেমিকযুগল! ভারতের হরিয়ানার রোহটাক গ্রামের বাসিন্দা নিধি বরাক (২০) এবং ধর্মেন্দ্র বরাককে (২২) ভালবাসার মূল্য দিতে হলো জীবন দিয়ে। তাদের অপরাধ তারা পালিয়ে বিয়ে করেছেন! বিয়ে করে দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন তারা। নিধির পরিবার তাদের আশ্বস্ত করে তোমরা ফিরে এসো, তোমাদের বিয়ে মেনে নেয়া হয়েছে। বিশ্বাস ছিল তাদের। তাই আবার পরিবারের কাছে ফিরে আসা। গত বুধবার তারা ফিরে আসেন। কিন্তু এই সুন্দর পৃথিবীর কোথাও তাদের একসঙ্গে যাওয়া হলো না। নিধির পরিবারের সদস্যরা নিধিকে ফাঁসি দিয়ে মেরে ফেললো এবং শরীরের অর্ধেকটা আগুনেও পোড়ালো। আর ধর্মেন্দ্রের হাত-পা ভেঙ্গে মাথা থেকে শরীর আলাদা করলো! পুলিশ এই ঘটনায় জড়িত নিধির মা-বাবাসহ পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে। -এনডিটিভি