সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে পোলট্রি শিল্পে ধস নেমেছে। ফলে এ শিল্পের প্রতি আগ্রহ হারাচ্ছেন উপজেলার পোলট্রি খামারিরা।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, ১০/১২ বছর আগে সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৬০টি পোলট্রি মুরগির ফার্ম বা খামার ছিল। প্রতিবছর ২/৪টি করে কমতে কমতে বর্তমানে ওই খামারের সংখ্যা দাঁড়িয়েছে ৪০টিতে।
ভুক্তভোগী খামারি আব্দুল হালিম বিশ্বাস জানান, শুরুর দিকে মুরগির খাবারসহ অন্যান্য উপকরণের দাম বেশ কম ছিল। পাশাপাশি ওই সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পোলট্রি খামারিদের ঋণ সুবিধা দেওয়াসহ নানাভাবে পৃষ্ঠপোষকতা করতেন। তখন খামারিরা বেশ আগ্রহের সঙ্গে পোলট্রি খামার গড়ে তোলেন। কিন্তু বর্তমানে মুরগির খামার প্রতিষ্ঠা সংক্রান্ত উপকরণের দাম বৃদ্ধি পেলেও বাজারে সেই হিসেবে মুরগির বাচ্চা, ডিম এবং বড় মুরগির দাম বৃদ্ধি পায়নি। তাছাড়া বর্তমানে সরকারি ঋণ সুবিধাও বন্ধ রয়েছে। অন্যদিকে আগের চেয়ে পোলট্রি ফিডস’র দামও বৃদ্ধি পেয়েছে। ফলে এ অবস্থায় দিনের পর দিন এ জনপদের মানুষ পোলট্রি শিল্পের প্রতি উদাসীন হয়ে পড়ছেন।
