বেহাল দশায় নাঙ্গলকোটের হাট-বাজার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
কুমিল্লা নাঙ্গলকোটের হাট-বাজারগুলোতে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা, পানীয় জলের অভাব, ময়লা আবর্জনা অপসারণ,স্বাস্থ্যসম্মত কসাইখানা ও পর্যাপ্ত পরিমাণ গণশৌচাগার না থাকার কারণে বেহাল দশা বিরাজ করছে। ফলে বাজারে লোকজনকে পোহাতে হয় চরম দুর্ভোগ। উপজেলার অধিকাংশ হাট-বাজারের রাস্তাঘাট সামান্য বৃষ্টিপাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। হাট-বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের কাদার মধ্যে বাজার করতে হয়। হাট-বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যসম্মত গণশৌচাগার না থাকার কারণে জনসাধারণ যত্রতত্র মলমূত্র ত্যাগ করতে হয়। এতে জনসাধারণের দুর্ভোগ চরমে। বক্সগঞ্জ বাজার ব্যবসায়ী হাফেজ আহমেদ বলেন, বাজারের সড়কগুলো খারাপের কারণে একদিকে ক্রেতার সংখ্যা কমছে। অন্যদিকে ব্যবসায়ীদের মালামাল আনতেও সমস্যায় পড়তে হয়।