জেলার বালিয়াডাঙ্গী উপজেলার শাহাবাজপুর গ্রামে নহনা নদীর ওপর একটি ব্রিজের অভাবে এ এলাকার ৩০ হাজার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। মারাত্মক ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন নদী পার হচ্ছে কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ কয়েক হাজার পথচারী। নদীর ওপর কোন পাকা সেতু না থাকায় ৭ কিলোমিটার ঘুরে যানবাহন নিয়ে চলাচল করতে হয়।
এলাকার জনগণের শাহাবাজপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া নহনা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বিগত ২৫ বছর ধরে জনপ্রতিনিধি সেতু নির্মাণের আশ্বাস দিলেও এ পর্যন্ত এলাকাবাসীর ভাগ্যে কিছুই জোটেনি। নদীর উপর একটি বাঁশের সাঁকো দিয়ে কোন রকমে পারাপার সম্ভব হলেও কোন যানবাহন চলাচল করা সম্ভব নয়। ফলে এলাকাবাসী তাদের উত্পাদিত খাদ্যশস্য, কৃষিপণ্য বিভিন্ন কাঁচামাল বাজারসহ অন্যান্য হাটে নিয়ে যেতে চরম অসুবিধার সম্মুখীন হন। অনেকটা ভীতির মধ্যে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠান। অনেক সময় যাতায়াতকারী পথচারীরা সাঁকো ভেঙে নিচে পড়ে আহত হয়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, আমরা অনেক দিন ধরে একটি ব্রিজের স্বপ্ন দেখে আসছি কিন্তু আমাদের স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেলো দুঃখজনক হলেও সত্য আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নটি বাস্তব রূপ ধারণ করলো না। এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার জানান, একটি,সেতুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার জানানো হয়েছে। কিন্তু এখনো ব্রিজ নির্মাণে বরাদ্দ পাওয়া যায়নি। ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম জানান, প্রতিবারে এই ব্রিজ নির্মাণের জন্য আবেদন করা হয়। আশা করি খুব শীঘ্রই বরাদ্দ পাওয়া যাবে।
