গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বরিশালের বাবুগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যা করেছে এক ব্যক্তি। আগৈলঝাড়ায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুন্সীগঞ্জে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক স্কুল শিক্ষিকার লাশ। খুলনার ফুলতলায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে এক স্কুলের প্রধান শিক্ষককে। এছাড়া নাটোর, মৌলভীবাজার, কুড়িগ্রাম ও সাভারে অস্বাভাবিক মৃত্যু ঘটেছে আরও ৫ জনের। খবর ইত্তেফাক অফিস, প্রতিনিধি, সংবাদদাতা ও রিপোর্টারের।
বরিশাল:বাবুগঞ্জ উপজেলার পাংশা গ্রামে বুধবার গভীর রাতে ভ্যান চালক খোকন হাওলাদার তার ৩য় স্ত্রী সুখী বেগম (২৫) ও তিন মাসের শিশু কন্যা আকলিমাকে হত্যা করেছে। বৃহস্পতিবার পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। বিমান বন্দর থানার ওসি শহীদুল্লাহ জানান, হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক খোকন হাওলাদারকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
এদিকে আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে সম্পত্তি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বুধবার রাতে অমূল্য সরকার নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ আরো ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পালপাড়া গাজেলহাটি গ্রামের স্বামীর বাড়ি থেকে মিথিলা দে (২৫) নামে এক স্কুল শিক্ষিকার লাশ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ।
শ্রীনগর থানার ওসি শেখ মো. মাহবুবুর রহমান জানান, স্বামীর বাড়ির বসত ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিথিলার বাবা মুন্সীগঞ্জ বিএডিসি কর্মকর্তা দিলীপ দেব দাবি তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। এ ঘটনার পর থেকে মিথিলার স্বামী রাজিব দাসসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
খুলনা: বুধবার রাতে ফুলতলা উপজেলার পটিয়াবান্দা শুক্লা স্মরণিকা বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফুল কুমার হালদারকে (৬১) সন্ত্রাসীরা শ্বাসরোধ করে হত্যা করেছে। তিনি পটিয়াবান্দা গ্রামের মৃত জামিনী হালদারের পুত্র। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।
বড়াইগ্রাম (নাটোর): নাটোরের গুরুদাসপুরে বুধবার রাতে পারিবারিক কলহে ভাতিজার লাঠির আঘাতে তসিম উদ্দিন ময়দান মাঝি (৬০) নামে এক মত্স্যজীবী নিহত হয়েছেন।
মৌলভীবাজার:রাজনগর উপজেলার মিটুপুর গ্রামে ফুফাতো ভাইয়ের লাঠির আঘাতে আল আমিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বৃহসপতিবার সাইফুল, সামসুল ও আজিজ গং আল-আমিনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে শুক্রবার ভোরে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) :ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বে নাগেশ্বরীতে মাদ্রাসা সুপারিনটেন্ডেন্টকে পিটিয়ে হত্যা করেছে সভাপতি প্রার্থী ও তার লোকজন। নিহতের পিতা ইয়াদ আলী বাদী হয়ে মোন্নাফ, আব্দুল কাদেরসহ ১৪ জনের নামে ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
সাভারে :সাভার পৌর এলাকার বিনোদবাইদ মহল্লায় পারভীন খাতুন নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার মধ্য রাতে পৌর এলাকার বিনোদবাইদ মহল্লার ফজল হকের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহত পারভীনের স্বামী শুকুর আলী পলাতক। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার স্যানাল জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় মমতাজ বেগম নামে এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার রাতে আশুলিয়ার ইউনিক দাদা মার্কেট এলাকার ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে নিহত মমতাজ বেগমের লাশ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা আশুলিয়া থানায় ফোন করে জানায়। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের ছোট বোন আলেয়া ও জুলেখা অভিযোগ করেন, মমতাজকে তার স্বামী নুরুল ইসলাম হত্যা করে লাশটি ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে।
