উপজেলা পরিষদ নির্বাচন
রাজবাড়ী প্রতিনিধি
পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে প্রচার প্রচারণা। আর এ নির্বাচনে কালুখালী উপজেলায় নৌকার মাঝি হতে চান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম।
এদিকে কাজী সাইফুল ইসলামকে পুনরায় কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, উপজেলা ও ইউনিয়নের দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন বাজার বণিক সমিতির প্রধানরা সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি বরাবর লিখিত আবেদনপত্র দিয়েছেন।
কাজী সাইফুল ইসলাম বলেন, দলীয় মনোনয়ন পেলেই শুধুমাত্র তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, ২০০১ সালের পর চারদলীয় জোট সরকারের মামলা, জেল ও বিভিন্ন নির্যাতনের শিকার হলেও তৃণমূল পর্যায়ে কাজ করেছেন। ২০০৩ ও ২০১১ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটে দুবার মাজবাড়ী ইউপি চেয়ারম্যান ও ২০১৪ সালে কালুখালী উপজেলার প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে জয়ী হন। এলাকার প্রতিটি উন্নয়নে তার ব্যাপক অবদান রয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যদি আমাকে দলীয় মনোনয়ন দেন তাহলে আমি আশা রাখি উপজেলা পরিষদ নির্বাচনে আবারো চেয়ারম্যান নির্বাচিত হবো। তাই তাকে পুনরায় মনোনয়ন দিলে উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হবে।
আগামী ১৮ জুন পঞ্চম ধাপে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
